চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন অভিযান
- আপডেট সময় : ০১:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২৫২৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার ৬নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৮নং টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিগঞ্জ বাবুপাড়া কালী মন্দির, মিরপাড়া শান্তি সংঘ মন্দির, গরুর হাট মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরসহ আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এজন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।



























