চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ-সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি
- আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২৫২৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৩ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরে একই এলাকায় আরেকটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করে।
জব্দ করা মদ ও সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বিধি অনুযায়ী শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও মাদক চোরাচালান প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।


























