কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী
- আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ভারতে পাচারের শিকার দুই কিশোরী কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুই কিশোরী হলেন—নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে প্রবেশ করেন ওই দুই কিশোরী। পরে তারা বেঙ্গালুরু শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।
ওসি আরও জানান, ২০২৪ সালের ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে তারা আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের বালাকিরা বালামন্দিরের গার্লস হোমে রাখা হয়। দীর্ঘ কারাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বিকেলে তারা দেশে ফেরেন।
দেশে ফেরার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা দুই কিশোরীকে প্রথমে সংগঠনের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দালালচক্রের প্রলোভনে পড়ে সীমান্তপথে অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক ও কারাভোগ শেষে দুই কিশোরীর দেশে ফেরার ঘটনায় তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে।





