বীরগঞ্জে ২১৫ পিস ট্যাপেনটাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হারুন রশিদ জুয়েল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হারুন রশিদ জুয়েল ওই এলাকার জমির আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে জমির আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় হারুন রশিদ জুয়েলের শয়নকক্ষ থেকে ২১৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অভিযানে রেইডিং টিমের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের উপ-পরিদর্শক আলমগীর হোসেন। এ সময় এএসআই ইমরান জাহান, এনায়েতুল হক, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ ও জীবন কুমারসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার হারুন রশিদ জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।



