১৬ বছরের ৫% পাওনা দ্রুত পরিশোধের দাবি, জাতীয় প্রেস ক্লাবে গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সমাবেশ
- আপডেট সময় : ০১:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬৭৯ বার পড়া হয়েছে
১৬ বছরের ৫% বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি, জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সমাবেশ
গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের দীর্ঘ ১৬ বছর ধরে অনিষ্পন্ন ৫% বিলম্বজনিত আইনগত পাওনা দ্রুত পরিশোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গ্রামীণফোনের সাবেক শ্রমিক ও আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ৫% বিলম্বজনিত পাওনা নিষ্পত্তির অপেক্ষায় থাকা শ্রমিকদের জন্য অত্যন্ত হতাশাজনক। দ্রুত এ পাওনা পরিশোধ করে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, “১৬ বছর পেরিয়ে গেছে, আর কোনো বিলম্ব নয়।” দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে অর্থবহ আলোচনার মাধ্যমে দ্রুত একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, তারা কোনো সংঘাত চান না; তারা ন্যায্য সমাধান চান। অনুগ্রহ নয়, তারা তাদের আইনগত অধিকার চান।
সমাবেশ থেকে গ্রামীণফোন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি সাবেক শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ, ন্যায়সংগত ও আইনসম্মত সমাধানের আহ্বান জানান।
সমাবেশে আন্দোলনকারীরা পুনর্ব্যক্ত করেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মত। দ্রুত পাওনা নিষ্পত্তি না হলে তারা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে দাবি আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।















