দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন, খুলল যোগাযোগের নতুন দুয়ার
- আপডেট সময় : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬১৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুলপুর বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্ব সময়ে উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সেতুটির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের অচলাবস্থা ও যোগাযোগের চরম দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, সেতুটি চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে কৃষকরা উৎপাদিত পণ্য দ্রুত ও সহজে বাজারজাত করতে পারবেন।
অনুষ্ঠানে বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।
এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক এবং সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু; বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল; যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী; নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিসুর রহমান আনিস; বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস; ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু; গোপাল চন্দ্র দেবশর্মা; ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন; কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন এবং বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু।
এ ছাড়া ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে। তারা দ্রুত ও নিরাপদ যোগাযোগের পাশাপাশি সেতুটিকে ঘিরে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন।















