ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিতে যাকাত ব্যবস্থার বিকল্প নেই: ড. শামসুল আলম
- আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৩৬ বার পড়া হয়েছে
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি অর্জনে যাকাত ব্যবস্থার কোনো বিকল্প নেই। অর্থনৈতিক মুক্তি এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত আদর্শ ও শিক্ষা অনুসরণ করতে হবে।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো অর্থনৈতিক নীতি বাস্তবায়ন ছাড়া একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সীরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকার যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
সেমিনারে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, দেবিদ্বার ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, বাঙ্গরা বাজার উপজেলা আমীর মাস্টার আব্দুর রহিম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবিদ্বার উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।
সেমিনারে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।















