দেবিদ্বারে মাদকসহ হানিট্র্যাপ চক্রের ‘লেডি ডন’ লাইলি আটক
- আপডেট সময় : ০৩:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৬ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে বহুল আলোচিত হানিট্র্যাপ চক্রের কথিত মূলহোতা ও স্থানীয়ভাবে ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলিকে মাদকসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দেবিদ্বার পৌর এলাকার তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দেবিদ্বার পৌর এলাকায় লাইলির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইলির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দেবিদ্বার পৌর এলাকা ও আশপাশের এলাকায় হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ দাবি, ব্ল্যাকমেইল ও মাদক কারবার পরিচালনা করে আসছিল।
দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমরান হাসান জানান, আটক লাইলিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিট্র্যাপ ও মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।















