লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
সোমবার লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফারী।
সংগঠনের চেয়ারম্যান ও দৈনিক কালবেলার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ডাক প্রতিদিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. হারুনুর রশিদ, পৌরসভার বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন, বিদ্যুৎ মিস্ত্রি মো. মফিজুল ইসলাম মুন্সিসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম মারুফ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তাদের সংগঠন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার জনবহুল সড়ক, সরকারি অফিস এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কমপক্ষে ৫ হাজার ফলদ বৃক্ষের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও ফলদ বৃক্ষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন স্থানে আম, জাম, লিচু, আমড়া, সজিনা, জলপাই, ডালিম, লেবু, দেশি বড়ই, নিম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও উপকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।






















