চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনের অনুমোদন
- আপডেট সময় : ০৩:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠা এবং ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন হালদা থানা চালু হলে হাটহাজারী থানার ওপর দীর্ঘদিনের প্রশাসনিক চাপ কমবে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশি ও প্রশাসনিক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হতে যাওয়া ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন থানা ও উপজেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।














