চিকিৎসার পাশাপাশি সবুজের বার্তা, চান্দিনায় রোটারি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
গ্রামীণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি প্রত্যেক রোগীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে ফলদ বা বনজ গাছের চারা।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের আয়োজনে এবং স্থানীয় আল-রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রত্যেক উপকারভোগীর হাতে একটি করে উন্নত জাতের গাছের চারা উপহার দেওয়া হয়। চিকিৎসা ও পরিবেশ—দুই বিষয়কে একসঙ্গে গুরুত্ব দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আল-রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, “গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তবে আমরা শুধু মানুষের শরীরের চিকিৎসাই নয়, পরিবেশ রক্ষার দায়িত্বও সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। তাই চিকিৎসার পাশাপাশি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই মানবকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল-রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক অজিত সূত্রধর, চেয়ারম্যান আলামিন সরকার এবং ম্যানেজার ফারুক হোসেন মুন্সী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের সভাপতি রোটারিয়ান কৌশিক ঘোষ, সাধারণ সম্পাদক রিপন পোদ্দার, প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত কুমার সাহা, সাবেক সভাপতি হাফিজুর রহমান ও রফিকুল ইসলাম, সদস্য রাজীব ঘোষ, সদস্য সঞ্জয় ঘোষসহ আল-রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং ফলদ ও বনজ গাছের চারা পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। আয়োজকরা জানান, মানবসেবা, জনস্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক ও বহুমাত্রিক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






















