স্থায়ী চাকরির দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি
- আপডেট সময় : ০২:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কর্মরত সাবেক লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) কর্মীরা স্থায়ী কর্মসংস্থান ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এলএসপি সদস্যরা অংশ নেন। এ সময় সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মাঠ পর্যায়ে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তাদের প্রচেষ্টায় প্রাণিসম্পদ খাতে টিকাদান কার্যক্রম জোরদার হয়েছে, প্রাণীর মৃত্যুহার কমেছে এবং ডিম, দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।
বক্তারা দাবি করেন, প্রায় ৭ বছর ৮ মাস ধরে দায়িত্ব পালন করলেও চলতি বছরের ৩১ মার্চ প্রায় ৪ হাজার ২০০ জন এলএসপিকে অব্যাহতি দেওয়া হয় এবং ৩০ জুন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শেষ হয়ে যায়। এর ফলে হাজারো পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
তারা আরও জানান, কর্মসংস্থানের দাবিতে ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবে তিনবার সংবাদ সম্মেলন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে নয়বার মানববন্ধন এবং পাঁচবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন সময়ে মৌখিক আশ্বাস ও কয়েকটি দাপ্তরিক ফরওয়ার্ডিং পেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সংগঠনের নেতারা বলেন, প্রকল্প চলাকালে তারা নিরাপদ খাদ্য উৎপাদন, প্রযুক্তিগত উন্নয়ন, মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন জরুরি সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৬ হাজার ৫০০টি উৎপাদনকারী দল গঠনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ অবস্থায় তারা সরকার, প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বয়স বা অন্যান্য শর্ত ছাড়াই রাজস্ব খাতে স্থানান্তর অথবা ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।






















