ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
- আপডেট সময় : ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সুজন হোসেন পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় সুজন হোসেনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনের মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন হোসেন স্বীকার করেছেন, স্বর্ণের বারগুলো পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, স্বর্ণসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
























