ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর
- আপডেট সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সব ব্যবস্থাকে ইসলামের পরিপন্থী মতবাদ বা জাহিলিয়্যাত হিসেবে বিবেচনা করে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায়’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ইসলামী সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মাদ সালেহর সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, মানুষের সার্বভৌমত্ব, মানুষের তৈরি আইন-বিধানের ভিত্তিতে প্রণীত সংবিধানের আনুগত্য এবং সেই সংবিধানের ভিত্তিতে পরিচালিত নেতৃত্ব বা সরকারের আনুগত্য—এসবকে তিনি সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, এসব সমস্যার সমাধান ছাড়া সমাজ ও রাষ্ট্রের অন্যান্য সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি বলেন, দুনিয়ার জীবনে কল্যাণ ও শান্তি এবং আখিরাতে মুক্তি লাভের জন্য মানুষের সার্বভৌমত্ব ও মনগড়া আইন-বিধানের পরিবর্তে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব মেনে চলতে হবে। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অনুসরণ ও অনুকরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
ইসলামী সমাজের আমীর আরও বলেন, ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার দাওয়াতি আন্দোলনে বিভিন্ন ধরনের বিরোধিতার মোকাবিলায় ধৈর্য ও ক্ষমার নীতিতে অটল থাকতে হবে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে ঈমান, আকিদা, চরিত্র ও আমল পরিশুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি দাবি করেন, কুরআন ও সুন্নাহসম্মত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সবাইকে সংগঠনটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিন মাসের কর্মসূচি ঘোষণা
মানববন্ধনে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের কর্মসূচি তুলে ধরেন সৈয়দ হুমায়ূন কবীর। কর্মসূচির মধ্যে দেশব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণের কথা জানানো হয়।
এ ছাড়া ২১ আগস্ট চট্টগ্রাম মহানগর, ৩১ আগস্ট বগুড়া মহানগর, ৪ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানা শহর, চুয়াডাঙ্গা, ৫ সেপ্টেম্বর গাজীপুর মহানগর, ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ মহানগর, ১৯ সেপ্টেম্বর বিমানবন্দর এলাকা, ঢাকা মহানগর উত্তর, ২৬ সেপ্টেম্বর মিরপুর এবং ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলা শহরে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।
এ ছাড়া ২২ থেকে ২৬ আগস্ট এবং ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দুই ধাপে গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠ থেকে কুমিল্লা মহানগরের চকবাজার পর্যন্ত ইসলামী সমাজের পাঁচটি টিম গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ করবে বলে জানানো হয়।
কর্মসূচি বাস্তবায়নে সরকার, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন ইসলামী সমাজের আমীর।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় অঞ্চল-১-এর দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা এবং ঢাকা বিভাগীয় অঞ্চল-২-এর দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন।


















