৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার
- আপডেট সময় : ০৩:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
৩০০টি সিগারেটের জন্য কাটা হয় একটি পূর্ণাঙ্গ গাছ
ড. মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও তামাকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘বৃক্ষরোপণ এবং তামাকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আইডব্লিউসি ঢাকা নর্থ ও আইডব্লিউসি ঢাকা আপটাউনের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন পরিবেশ গবেষক ও আইডব্লিউসি ঢাকা আপটাউনের সভাপতি রিমা চিশতী। তিনি তামাকের ক্ষতিকর দিক এবং এর ফলে ব্যক্তি ও পরিবেশের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব তুলে ধরেন। একইসঙ্গে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন আইডব্লিউসি ঢাকা নর্থের সভাপতি আনুজা হক। তিনি তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. জাকির হোসেন এবং জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুল হাসান তুতুল। সেমিনারটি পরিচালনা ও সঞ্চালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এফ. এম. নাজমুস সাদাত।
আয়োজনে ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থের সেক্রেটারি শারমিন জাহান, আইএসও তাসলিমা আক্তার ভূইয়া, সদস্য রুমা চিশতি এবং ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউনের সদস্য তন্দ্রা জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তামাক শুধু মানুষের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এর উৎপাদন ও ব্যবহারের সঙ্গে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব জড়িত। তামাকবিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রয়োজন রয়েছে।
তারা বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মকে তামাকমুক্ত প্রাঙ্গণ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সেমিনারে বিশেষভাবে তুলে ধরা হয়—‘৩০০টি সিগারেট তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ গাছের প্রয়োজন হয়’—এমন একটি সচেতনতামূলক বার্তাও।





















