বেনাপোলে ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ
- আপডেট সময় : ০৯:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ভারতের ইছামতী নদীর উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে পুটখালী ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি বন্দি হয়ে পড়া এসব পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণ ও চিনি তুলে দেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।
সম্প্রতি ইছামতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকার বেশ কিছু ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে বিজিবির পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হয়।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে বিজিবি সবসময় রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
























