দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২৫৮৩ বার পড়া হয়েছে
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচ না সভা এবং যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ ও অধ্যাপক লোকমান হোসেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা বানিন রায় এবং জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী অর্জিন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩১ জন প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তার মাঝে সহজ শর্তে জনপ্রতি এক লাখ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই আর্থিক সহায়তা যুবকদের স্বাবলম্বী হতে এবং নতুন ব্যবসা বা খামার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













