বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ
- আপডেট সময় : ১০:১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৩০৯৪ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম মোস্তফাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাঁর সন্তান গোলাম মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত কর্মী আল আমিন চ্যাগারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মানিক পশরির দাফনকে কেন্দ্র করে ফেসবুকে জামায়াতের সমালোচনা করে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টকে কেন্দ্র করে ওটরা ইউনিয়নের জামায়াত কর্মী হিসেবে পরিচিত আল আমিন চ্যাগারী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গভীর রাতে গোলাম মোস্তফার ছেলে গোলাম মাহমুদকে ফোন করে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আল আমিন চ্যাগারীকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।
একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এমন মন্তব্যের অভিযোগে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ওটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। স্থানীয়দের কাছে তিনি সৎ, সাহসী ও জনসেবায় নিবেদিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
একজন প্রয়াত মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাঁর সন্তানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।














