সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার
জহির মারুফ, কুমিল্লা
- আপডেট সময় : ০৩:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ২৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় ট্রাকের ধাক্কায় মিনহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ছোট শালঘর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিনহা তার মায়ের সঙ্গে নানার বাড়ি থেকে চিকিৎসকের কাছে গিয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ছোট শালঘর ব্রিজের কাছে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিনহার বাবার নাম মো. মনিরুল ইসলাম। তাদের বাড়ি ব্রাহ্মণপাড়া থানা এলাকায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।














