চান্দিনা থানার নতুন ওসি মো. নুরুজ্জামান, আইনশৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা কামনা।
- আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
নিয়মিত প্রশাসনিক বদলির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। তিনি এর আগে কুমিল্লার লালমাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তাকে চান্দিনা থানায় পদায়ন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, সততা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার জন্য তিনি পরিচিত। অতীত কর্মস্থলগুলোতে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
নবনিযুক্ত ওসি মো. নুরুজ্জামান বলেন, “চান্দিনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে। এ লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”
এদিকে, চান্দিনা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা নবনিযুক্ত ওসিকে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।






















