ডেলিভারি রুম না থাকলে ক্লিনিকের লাইসেন্স বাতিল
- আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য লেবার (ডেলিভারি) রুম চালু ও কার্যকর করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে প্রতিটি ক্লিনিক ও হাসপাতালে আধুনিক লেবার রুম থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক শুধুমাত্র সিজারিয়ান অপারেশনের ওপর নির্ভরশীল, তাদের এ প্রবণতা পরিবর্তন করতে হবে। সরকার নরমাল ডেলিভারি বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার নিয়মিত তদারকি করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণকে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন এড়িয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক প্রসবে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।























