মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
- আপডেট সময় : ১১:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মিথ্যা মামলায় ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এ সময় বক্তব্য রাখেন মো. শাহরিয়া, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা প্রেস ক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, সদস্য মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি (সম্পাদক, সময় এডিশন) এবং সদস্য আবুল খায়ের।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিকদের দ্রুত মুক্তি না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।























