অনুমোদনহীন শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় FACD-CAB
- আপডেট সময় : ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতে সুশাসন, শিক্ষার্থী সুরক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)।
সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার নামে কিছু অনুমোদনহীন ও অসাধু প্রতিষ্ঠানের প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং শিক্ষার্থী-অভিভাবকদের হয়রানির ঘটনা উদ্বেগজনক। এসব অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী ও তাদের পরিবার। একই সঙ্গে দেশের বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বৈধ প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে।
FACD-CAB জানায়, আলোচিত প্রতারণার ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো সংগঠনের সদস্য নয়। সংগঠনটি প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে কাজ করছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সংগঠনটি পরামর্শ দেয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের নিবন্ধন, আইনগত বৈধতা, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও সুনাম যাচাই করতে হবে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কখনো নগদে পরিশোধ না করে অফিসিয়াল ব্যাংকিং বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়। পাশাপাশি লিখিত চুক্তিপত্র, অফার লেটার, CAS/COE এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করারও অনুরোধ জানানো হয়।
সংগঠনটি সরকারের কাছে বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের জন্য একটি আধুনিক Foreign Education Consultancy Act প্রণয়ন, বাধ্যতামূলক লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে National Regulatory Authority for Foreign Education Consultancy গঠন এবং নিবন্ধনহীন ও প্রতারণামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
এছাড়া বিদেশে গমনকারী শিক্ষার্থীদের জন্য National Student Registration & Smart Student ID System, National Pre-departure Orientation & Training Programme, National Student Protection & Complaint Management System এবং National Education Consultancy Database চালুরও প্রস্তাব দেওয়া হয়।
FACD-CAB-এর মতে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিদেশি দূতাবাস, গণমাধ্যম এবং বৈধ শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।
























