কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, জাবেদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন
- আপডেট সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে জাবেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১০ (দশ) লাখ টাকা চাঁদা দাবি, বাড়ির ভাড়াটিয়াদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়ি ছেড়ে যেতে বাধ্য করার অভিযোগ এনে ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন বাড়ির মালিক মান্নান।
লিখিত অভিযোগে বলা হয়, জাবেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মান্নানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। অভিযোগ অনুযায়ী, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাড়িতে এসে ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন, মারধর ও বিভিন্নভাবে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডের কারণে বর্তমানে বাড়িটিতে ভয়ের পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে নতুন কোনো ভাড়াটিয়া সেখানে বসবাস করতে আগ্রহী হচ্ছেন না। বাড়িতে হামলার কারণে বর্তমানে ৪ টি টিনসেড ঘর খালি রয়েছে সেখানে। এতে বাড়ির মালিক মান্নান আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জাবেদ ও তার সহযোগীরা চাঁদার টাকা আদায়ের জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন। এতে মান্নান ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে আবেদনে দাবি করা হয়েছে।
এ অবস্থায় অভিযুক্ত জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মান্নান ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলার পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
























