সরকারি চাকরিতে ৩ বছর ব্যাকডেট চান শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে ৩ বছর ব্যাকডেট চান শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় ৩ বছরের ব্যাকডেটের দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী। তাদের দাবি, করোনা মহামারী, দীর্ঘ সেশনজট, নিয়োগ কার্যক্রমে স্থবিরতা, প্রশ্নফাঁস, কোটা-সংক্রান্ত জটিলতা, নিয়োগে অনিয়ম এবং বিভিন্ন নীতিগত কারণে ১৯৮৯ থেকে ১৯৯৫ সালে জন্মগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, করোনাকালে প্রায় তিন বছর নিয়োগ কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেকেই সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ হারিয়েছেন। এছাড়া দীর্ঘ সময় নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ থাকা, রি-সার্কুলারে আবেদন করতে না পারা, একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা, সেশনজট, প্রশ্নফাঁস এবং নিয়োগ বাণিজ্যের মতো নানা কারণে হাজারো চাকরিপ্রত্যাশী বঞ্চনার শিকার হয়েছেন।
তাদের আরও দাবি, মানবিক দিক বিবেচনা করে আগামী ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত বিসিএসসহ সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ৩ বছরের ব্যাকডেট কার্যকর করা হোক। বিকল্প হিসেবে অস্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৮ বছর নির্ধারণেরও দাবি জানিয়েছেন তারা।
এ দাবির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।





















