জাতীয়করণসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন, কর্মসূচির হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
- আপডেট সময় : ১২:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, ৯ম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি, শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চাকরির বয়স ৬৫ বছরে উন্নীতকরণ, দ্রুত বদলি কার্যক্রম বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন শিক্ষক সমাজ।
সংগঠনটির নেতারা বলেন, দেশের প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থীর পাঠদান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পরিচালনা করলেও তারা এখনো নানা বৈষম্যের শিকার। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, শিক্ষক-কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
তারা আরও দাবি করেন, সরকারি চাকরিজীবীদের সঙ্গে একই সময়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও ৯ম জাতীয় পে-স্কেলের আওতায় আনতে হবে। একইসঙ্গে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ বন্ধ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে আওয়ামী লীগের দোসরদের অপসারণ, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখা এবং চাকরির অবসরের বয়স ৬৫ বছরে উন্নীত করার দাবি জানানো হয়।
এছাড়া এনটিআরসিএর মাধ্যমে দূরবর্তী জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত বদলি কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান নেতারা। একই সঙ্গে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, কল্যাণ ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ের মধ্যে প্রদানেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষাখাতে জিডিপির অন্তত ৫ শতাংশ এবং মোট জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
তারা ঘোষণা দেন, আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে সরকারের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সারা দেশের শিক্ষক-কর্মচারীদের নিয়ে সংগ্রাম কমিটি গঠন করে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য সচিব অধ্যাপক আব্দুল হাকিম, মো. মোকলেছুর রহমান, মোল্লা নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুল হক, প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ, অধ্যাপক আপুর মফিজ, মো. বোরহান উদ্দিন, শাহনাজ পারভীন, এএইচএসএম সাইদুজ্জামান ও মো. আজিজুল হক রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।























