বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, কর্মসূচিতে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু
- আপডেট সময় : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এ দিনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর মেয়র পদপ্রার্থী বাবু সুভাষ দাস, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১১টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।























