গাছ লাগান, পরিবেশ বাঁচান: চান্দিনায় বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চান্দিনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট) বিকাল ৫:৩০ মিনিটে চান্দিনা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হবে। প্রতিটি নাগরিককে গাছ লাগানো ও তার সঠিকভাবে যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসন সবসময় এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের পাশে থাকবে।”
দৈনিক কালবেলার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি ও লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মারুফ-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সেক্রেটারি মো. নাজমুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল হক এবং এনসিপি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সদস্য সচিব ও চান্দিনা উপজেলা আহ্বায়ক আবুল কাশেম অভি।
সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম মারুফ বলেন, “পরিবেশ রক্ষা ছাড়া কৃষি ও অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের প্রতিষ্ঠান লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ কৃষি প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি সবুজায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই বৃক্ষরোপণ তারই একটি অংশ। আমরা চাই প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত একটি করে ফলজ ও বনজ গাছ রোপণ করা হোক।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথি ও আয়োজকরা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।





















