দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট উদ্ভাবন ড্যাফোডিল পলিটেকনিকের
- আপডেট সময় : ১২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৭ বার পড়া হয়েছে
উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত সমাধানকে সামনে রেখে রাজধানীর নভো থিয়েটার হলে শুরু হয়েছে Bangladesh Innovation Fair 2026।
বাংলাদেশ সরকারের প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের আয়োজনে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ প্রযুক্তি মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করছে।
মেলায় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ৫২ নম্বর স্টলে দুর্যোগ মোকাবিলায় তাদের উদ্ভাবিত নতুন রোবট প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির এ উদ্ভাবনী প্রকল্প মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ড্যাফোডিল পলিটেকনিকের উদ্ভাবিত MVR8 Multipurpose Robot V8-কে একটি সমন্বিত Disaster Response System-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। দুর্যোগের সময় উদ্ধারকাজ, ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রোবটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রযুক্তি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে ড্যাফোডিল পলিটেকনিকের এই রোবট নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের জীবন ঝুঁকিতে না ফেলে প্রযুক্তির মাধ্যমে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা তৈরি করেছে এ উদ্ভাবন।
সংশ্লিষ্টদের মতে, দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ ধরনের রোবট ভবিষ্যতে উদ্ধারকাজ ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
মেলায় আগত দর্শনার্থী ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ড্যাফোডিল পলিটেকনিকের MVR8 Multipurpose Robot V8 নিয়ে ব্যাপক কৌতূহল দেখা যায়। দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতার এমন প্রদর্শন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

















