দেবিদ্বারে মাছের খামারে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
- আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২২ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ নম্বর সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারটির পরিচালক মো. মমিন ভূইয়া। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, ভূইয়া মৎস্য খামারে বিষ প্রয়োগের কারণে রুই, মৃগেল, কাতলা, কারফু ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। খামারের পরিচালক এ ঘটনায় একই এলাকার মো. নাছির উদ্দীন ভূইয়া ও মো. সাইয়িদসহ কয়েকজনকে দায়ী করেছেন।
খামারের পরিচালক মো. মমিন ভূইয়া বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী।
এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় তার সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয় এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “পূর্বশত্রুতার জের ধরে আমার মৎস্য খামারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে আমার ধারণা। ভোরে খামারে যাওয়ার পথে কয়েকজনকে দেখতে পাই। পরে দ্রুত খামারে গিয়ে দেখি মাছ পানির ওপরে ভেসে লাফাচ্ছে। আমার খামারে প্রায় ১৮ লাখ টাকার মাছ ছিল।”
স্থানীয় মো. মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে কাউসার ভূইয়া ও তার ভাই হানিফ ভূইয়ার ছত্রছায়ায় মো. নাছির উদ্দীনের সাঙ্গপাঙ্গরা খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে।
এদিকে, খামারে বিষ প্রয়োগের ঘটনায় আশপাশের পুকুরের মালিকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর ভাষ্য, একটি খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটায় নিজেদের পুকুরের মাছ নিয়েও তারা উদ্বিগ্ন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা অন্য পুকুরেও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
অভিযোগের বিষয়ে মো. নাছির উদ্দীন ভূইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
একইভাবে মো. হানিফ ভূইয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

















