কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ, ১০০ বিজয়ীর নাম ঘোষণা
- আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের ১০০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন নতুন কিশোরকণ্ঠের সম্পাদক-কবি ।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর সংখ্যার নতুন কিশোরকণ্ঠের ওপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় সারা দেশ থেকে তিন লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেয়। শাখা পর্যায়ের বাছাই শেষে দেশব্যাপী ১৪১টি কেন্দ্রে প্রায় ১,৪১০ জন প্রতিযোগীকে নিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষা গত ৯ মে ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সম্পাদক বলেন, “কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো”—এই স্লোগানকে ধারণ করেই শিশু-কিশোরদের মাঝে পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ২০১২ সাল থেকে জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি এ উদ্যোগের সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক বলেন, দেশের শিশু-কিশোরদের মেধা, মনন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নতুন কিশোরকণ্ঠ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক , অ্যাডমিন ম্যানেজার সহ নতুন কিশোরকণ্ঠ পরিবারের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, জাতীয় ও শাখা পর্যায়ে মোট ৩৬ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া মোট ১০০ জন বিজয়ীকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট, সনদ ও মূল্যবান বই প্রদান করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ ও স্থান পরে নতুন কিশোরকণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শীর্ষ ১০ বিজয়ী
১. নিশাত তাসনিম সাবা — রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
২. মো. লালচাঁদ বাদশা — তরিকুল ইসলাম পৌর কলেজ, যশোর
৩. সাফা আল মারওয়া — সাতকানিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম
৪. মো. মুরাদ হোসেন সিফাত — মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা
৫. মোহা. রইসুল আখির — রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী
৬. মোসা. সুমাইয়া আক্তার — শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা
৭. মো. ফরহাদুজ্জামান মিশা — নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
৮. মো. তানভীর রহমান সৌরভ — জীবননগর থানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চুয়াডাঙ্গা
৯. ফাতিহা হাসান বিথী — নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
১০. মোসা. মুনজেরা খাতুন — চাতক ফাজিল মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে নির্বাচিত ১০০ জন বিজয়ীর পূর্ণাঙ্গ তালিকা নতুন কিশোরকণ্ঠের অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হয়েছে।























