‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নতুন ভবনের অডিটোরিয়ামে ৯ আগস্ট জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো এক অনন্য সাহিত্য উৎসব। “এক পলকের কাব্য” নামক সংক্ষিপ্ত কবিতার নতুন ও অভিনব ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি গুণী কবি ও সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা ও সাহিত্যের সম্পর্ককে নতুনভাবে ভাবার এক যুগোপযোগী প্রয়াস এই আয়োজন। প্রযুক্তির উৎকর্ষ ও ব্যস্ত জীবনযাত্রার কারণে মানুষের হাতে যখন দীর্ঘ সাহিত্য পাঠের সময় কমে আসছে, তখন মাত্র কয়েকটি সেকেন্ডের মধ্যে সাহিত্যকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলাই এই ভাবনার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত কবিতার অভিনব রূপ ও সাহিত্যিক গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাত্র দুই লাইনে প্রেম, বিচ্ছেদ, বিরহ ও বেদনাসহ মানবজীবনের গভীর অনুভূতিগুলোকে প্রকাশ করার এই ধারাটি পাঠকদের নতুনভাবে ভাবাবে।
উপস্থিত কবি, সাহিত্যিক ও গুণীজনদের মাঝে সংক্ষিপ্ত কবিতার এই ধারাটি দারুণ উদ্দীপনা ও ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত কবিতার প্রচার ও প্রসারে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।



















