আন্দোলনে গুলিবিদ্ধ বশির উদ্দিনের আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাওয়ার আবেদন
- আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আন্দোলনে গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারানো মোঃ বশির উদ্দিন চিকিৎসা, পরিবার-পরিজনের ভরণ-পোষণ ও সন্তানদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
মোঃ বশির উদ্দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের বাইশটেকী ১ নম্বর ইউনিটের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই দলীয় কর্মসূচি ও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সময় মিরপুর-১৩ নম্বর বিআরটিএ-এর বিপরীত পাশে তিনি গুলিবিদ্ধ হন। দুটি গুলি তার নাভির গোড়া দিয়ে প্রবেশ করে। একটি গুলি শরীর ভেদ করে বের হয়ে গেলেও অপরটি শরীরের ভেতরে আটকে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারসহ একাধিক সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়। প্রায় দুই মাস ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।
দীর্ঘমেয়াদি চিকিৎসা ও শারীরিক জটিলতার কারণে বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজ করতে পারছেন না তিনি। ফলে প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহের পূর্বের পেশাটিও আর করতে পারছেন না। দীর্ঘদিন আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।
বশির উদ্দিন জানান, তার স্ত্রী মেরুদণ্ড ও কিডনি-সংক্রান্ত সমস্যায় ভুগছেন। বড় মেয়ে অনার্সে এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। এরই মধ্যে সাত মাসের বাসা ভাড়া বকেয়া পড়েছে। চিকিৎসা, খাদ্য, বাসাভাড়া ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পুরো পরিবারকে।
এ অবস্থায় একজন আহত ও অসহায় দলীয় কর্মী হিসেবে চিকিৎসা, বাসাভাড়া, পরিবারের ভরণ-পোষণ এবং সন্তানদের শিক্ষাব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আবেদন জানিয়েছেন মোঃ বশির উদ্দিন।
পাশাপাশি নিজের শারীরিক ও পারিবারিক পরিস্থিতি সরাসরি তুলে ধরতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগও চেয়েছেন তিনি।
মোঃ বশির উদ্দিন আশা করছেন, তার বর্তমান পরিস্থিতি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।























