যশোরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান
- আপডেট সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
মনির হোসেন, বেনাপোল-শার্শা, যশোর প্রতিনিধি: যশোর শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইকের চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মাইকিং করা হবে। আগামী সপ্তাহ থেকে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক আটক করতে অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার সকালে কালেক্টরেটের সভাকক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জেলার সরকারি দপ্তরগুলোতে আগামী মাসের মধ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দপ্তরপ্রধানদের আগামী সাত দিনের মধ্যে ১৮০ দিনের কর্মসূচি জানাতে বলা হয়েছে।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, পৌরসভার আওতাধীন বিভিন্ন দপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিয়মিত করা হচ্ছে। তবে শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন, হাসপাতালে চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনা বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের জুয়া বন্ধে কঠোর নির্দেশনা রয়েছে। পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ না করার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন হাসপাতালের ব্যবস্থাপনা সঠিকভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাসপাতালসহ জেলার বিভিন্ন স্থানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা, হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।























