দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, জুলাই শহীদদের স্মরণে দোয়া
- আপডেট সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল, আলোচনা সভা এবং জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শুরুর আগে জুলাই গণ-আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বিএনপিতে অন্য দল থেকে আগত বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হবে না। একই সঙ্গে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলেও তারা কঠোর অবস্থানের কথা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ সংসদের সাবেক জিএস এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
























