ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল লালমাই বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ থেকে দুইজনকে আটক করা হয়। একই সময় গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে আরও তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোববার রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে ডাকাতি সংঘটনের আগেই ডিবির অভিযানে তারা আটক হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুককে চক্রটির সর্দার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুরের সদর উপজেলার হোসেনপুরের জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), হাজীগঞ্জের ঢড্ডা এলাকার মো. মামুন মিজী (৪৫), ফরিদগঞ্জের সাচইনমেঘ এলাকার মো. কবির ভূইয়া (৪০), চাঁদপুর সদর উপজেলার মদনা এলাকার মো. রবিউল আলম (৩৫) এবং ফরিদগঞ্জের ভাটিয়ালপুর এলাকার মো. নজরুল ইসলাম (৩৫)।
অভিযানে তাদের কাছ থেকে একটি লোহার বোল্ট কাটার, একটি সেলাই রেঞ্চ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের বাটযুক্ত কিরিজ, একটি কাঠের বাটযুক্ত হাসুয়া, একটি কালো কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ ও একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
























