ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১০:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় জেলার স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন।
সভায় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঞা, জেলা যুব বিভাগের সভাপতি সাইফুল আলম, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী, জেলা শ্রম বিভাগের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জেলা শিবিরের অর্থ সম্পাদক জুনায়েদ সিরাজসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল মতিন বলেন, “৫ সেপ্টেম্বরের লং মার্চ শুধু একটি কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন। কুমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, দাউদকান্দি ও দেবিদ্বার বাগুর অবস্থানসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জামায়াতের অবস্থান থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে।
জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, লং মার্চ সফল করতে তিন স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে গাড়ি ও লোকবল নিশ্চিত করার পাশাপাশি নেতাকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
সভায় দাউদকান্দি ও দেবিদ্বার বাগুর অবস্থান, পরিবহন ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক টিম গঠনসহ লং মার্চের বিভিন্ন বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
























