বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১
- আপডেট সময় : ১০:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার শফিয়ার রহমান শফি (৫২) বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা পরিশোধ না করায় বেনাপোলের আরবি ট্রান্সপোর্ট এজেন্সির মালিক এইচ এম আবুল বাশার শফিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বেনাপোল বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদী এইচ এম আবুল বাশার জানান, ভারত থেকে বৈধভাবে আমদানি করা পণ্যের ভ্যাট-ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য শফিয়ার রহমান তার আরবি ট্রান্সপোর্ট এজেন্সি থেকে কমিশনের ভিত্তিতে ২১ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ তিন বছর পার হলেও তিনি ওই টাকা পরিশোধ করেননি। বিভিন্নভাবে টাকা আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শফিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে যশোরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
























