দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৩ ড্রেজার ও ১,০০০ ফুট পাইপ বিনষ্ট
- আপডেট সময় : ১২:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৩২ বার পড়া হয়েছে
দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৩ ড্রেজার ও ১,০০০ ফুট পাইপ বিনষ্ট
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ড্রেজার মেশিন ও আনুমানিক এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বল্লভপুর ও উজানীজোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। প্রশাসনের এ অভিযানের ফলে এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।
তবে স্থানীয় কয়েকজন কৃষকের অভিযোগ, অভিযান চলাকালে আতিকের ড্রেজার থেকে প্রায় ৪০০ গজ পশ্চিমে আরও একটি ড্রেজার মেশিন চালু ছিল। তাদের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে ওই ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, সব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা না নিলে কৃষিজমি থেকে মাটি উত্তোলন পুরোপুরি বন্ধ করা কঠিন হবে। তারা কোনো প্রভাবশালী মহলকে ছাড় না দিয়ে এলাকায় চলমান সব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলন এবং ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।





















