দিনাজপুরের বীরগঞ্জে চোখ বেঁধে হাঁস ধরার খেলায় মাতল পাল্টাপুর
- আপডেট সময় : ০৪:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫১৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী ‘চোখ বেঁধে হাঁস ধরা খেলা’। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ খেলায় অংশ নিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। খেলায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম (মুহুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাইরুল ইসলাম শাহ্, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো. ওয়াজেদুল ইসলাম এবং যুবদল নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করেন। খেলাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আয়োজকরা জানান, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।





















