বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
- আপডেট সময় : ০৫:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৩৩ বার পড়া হয়েছে
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে আলোচনা সভা ও বাউল সংগীতের আয়োজন করা হয়েছে। জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় যাত্রাবাড়ীর ৪৪/১, ধলপুর নতুন রাস্তা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বাদশা উদ্দিন মিন্টু শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কবি রুখসানা আমিন সুরমা, লেখক ও কলামিস্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নাসির।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বাউল সংগীত ও ‘সাংস্কৃতিক সন্ধ্যা’। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বর্ণালী স্বর্ণা, আঁখি আনজুম, অ্যাডভোকেট এম আর পাঠান, বাউল শিল্পী তানসেন শাহ, আলমগীর হোসেন, বাউল শিল্পী মোস্তফা সরদার, মিরাজ হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কিবোর্ডে ছিলেন আকাশ এবং ঢোল বাজান হৃদয় ও খুনজন আনোয়ার। এ সময় জুবায়ের হোসেনসহ বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন, কর্ম ও বাংলা লোকসংগীতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর সৃষ্টিশীলতা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা বাউল সম্রাটের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

























