জুলাই স্মরণে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের অবদানের স্বীকৃতি এবং জুলাইয়ের চেতনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সম্মিলিত নারী প্রয়াস-এর উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী প্রফেসর ড. শামীমা তাসনীম।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ফ্যাসিবাদী শক্তির সব ধরনের হুমকি-ধমকি ও অপতৎপরতা কঠোরভাবে দমন করে আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মারদিয়া মমতাজ এমপি। তিনি জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের মর্যাদা রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ ও সম্পাদনা করেন সম্মিলিত নারী প্রয়াসের আইটি টিমের সদস্য তুনাজিঞ্জু রাহীমু তিমা।
পরে বক্তব্য দেন শহীদ মোসলেহ উদ্দিনের সহধর্মিণী নাসরিন আক্তার, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন এবং জুলাই যোদ্ধা ডা.শিরিন আখতার রুনা।
বক্তারা জুলাইয়ের স্মৃতি, আত্মত্যাগ, সংগ্রামের বাস্তব অভিজ্ঞতা এবং শহীদ পরিবার ও আহতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রোকেয়া বেগম, এমপি, শহীদ জাবেরের সম্মানিত মা, তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জুলাইয়ের চেতনাকে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আজাদ ধানমন্ডী বলেন, জুলাইয়ের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের পুনর্বাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভানেত্রী প্রফেসর ড. শামীমা তাসনীম।
পরে সংগঠনের সহ-সভানেত্রী শাহীন আরা আনোয়ারী রচিত ‘জুলাই’ বিষয়ক একটি স্বরচিত কবিতার ভিজ্যুয়াল উপস্থাপনা পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং সম্মিলিত নারী প্রয়াসের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।























