লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে বড়ুরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বড়ুরা উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ২টায় লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিমিটেডের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. জুয়েল রানা মজুমদার।
লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক কালবেলা পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম মারুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান।
এ সময় বড়ুরা উপজেলা প্রশাসনের বিআরডিবির অফিস সহকারী খন্দকার হুমায়ূন কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম মারুফ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, তাদের সংগঠনের উদ্যোগে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার জনবহুল সড়ক, সরকারি অফিস এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৫ হাজার ফলদ বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলদ বৃক্ষের চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থানে আম, জাম, জলপাই, আমড়া, সজিনা, ডালিম, লেবু, দেশি বরই, নিম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও উপকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।
























