দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস
- আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৬ বার পড়া হয়েছে
দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচলের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
দেশের বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন হাজারো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। পাশাপাশি এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রমে শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে।
নিরাপদ ও সহজ যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-বেনাপোল-কলকাতা রুটে চালু করা হয় বন্ধন এক্সপ্রেস। তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সম্প্রতি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা হওয়ায় বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রেন দুটি চালু হলে ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলেই রেল যোগাযোগ চালু করার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।
বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। ওয়েটিং রুমসহ স্টেশনের বিভিন্ন স্থাপনা ও প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুতের কাজ চলছে।
বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু হলে দুই দেশের নাগরিকদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে পর্যটন, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে যোগাযোগ বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


























