জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা
- আপডেট সময় : ০৩:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ট্রাকভাড়া বেড়েছে। গন্তব্যভেদে প্রতি ট্রাকে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
এতে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরের পণ্য পরিবহন ব্যবস্থায়। ব্যবসায়ীরা জানান, আগে বেনাপোল থেকে ঢাকায় একটি ট্রাকের ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা। বর্তমানে সেই ভাড়া বেড়ে হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও এখন তা বেড়ে ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত হয়েছে। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটে আগে প্রায় ২২ হাজার টাকা ভাড়া থাকলেও বর্তমানে নেওয়া হচ্ছে ২৬ থেকে ২৭ হাজার টাকা।
ট্রাকচালকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি টোল, ফেরি ভাড়া, যন্ত্রাংশ ও টায়ারের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে। ফলে বাধ্য হয়েই ট্রাকভাড়া বাড়াতে হচ্ছে।
বেনাপোল থেকে ঢাকায় পণ্য নিয়ে যাচ্ছিলেন ট্রাকচালক নাজমুল ইসলাম। তিনি বলেন, প্রতি লিটার তেলে ২০ টাকা বাড়ায় বেনাপোল-ঢাকা-বেনাপোল যাতায়াতে অতিরিক্ত প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা জ্বালানি খরচ হচ্ছে। এর সঙ্গে ফেরি ভাড়া, সেতুর টোলসহ অন্যান্য খরচ রয়েছে। তাই প্রতি ট্রিপে ৪ থেকে ৫ হাজার টাকা বেশি ভাড়া নিতে হচ্ছে।
আরেক চালক সাদ্দাম হোসেন জানান, তিনি কেমিক্যাল নিয়ে ভালুকায় যাচ্ছেন। আগের তুলনায় প্রায় ৪ হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় আরও বেড়েছে বলে জানান তিনি।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, তেলের দাম বৃদ্ধি, ফেরি ও টোলের খরচ বাড়া এবং ঢাকা থেকে ফেরার পথে পর্যাপ্ত পণ্য না পাওয়ায় ট্রাক মালিকদের পরিবহন ব্যয় বেড়েছে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংকটও তৈরি হয়েছে। বেনাপোল থেকে প্রতিদিন প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক কাভার্ড ভ্যান দেশের বিভিন্ন গন্তব্যে যায়। পরিবহন ব্যয় বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মতিয়ার রহমান বলেন, প্রতিদিন বেনাপোল দিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি এবং ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ট্রাক মালিকরা ভাড়া ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছেন। এতে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। পরিবহন ব্যয় বাড়লে পণ্যের দামও বাড়াতে হবে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়বে।
বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে পরিবহন ব্যয় স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে কাঁচা পণ্য দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য খালাস করতে বাধ্য হচ্ছেন। এতে আমদানিকারকদের খরচ বাড়ছে এবং লোকসানের আশঙ্কাও তৈরি হয়েছে।
যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ট্রাকভাড়া বেড়েছে। পরিবহন ব্যয় বাড়ায় পর্যায়ক্রমে বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে, যার প্রভাব ভোক্তাদের ওপর পড়বে।
এদিকে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বন্দরে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক পণ্য লোড-আনলোডের সঙ্গে জড়িত। ট্রাকভাড়া বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে পণ্য পরিবহন কমে গেলে তাদের কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে। আগে প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য লোড-আনলোড হতো, বর্তমানে তা কমে এসেছে বলে তারা জানান।
ব্যবসায়ীদের আশঙ্কা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দীর্ঘস্থায়ী হলে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ পণ্য পরিবহনে আরও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে পরিবহন ব্যয় বাড়ার প্রভাব বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে।


























