বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের দুর্গোৎসব উদযাপনে ২৭৫টি পূজামণ্ডপে চলছে সাজসজ্জা ও শেষ মুহূর্তের আয়োজন।
বীরগঞ্জ-কাহারোলে ২৭৫ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা, মহাধুমধামে উৎসবের প্রস্তুতি
- আপডেট সময় : ০৫:০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৩ বার পড়া হয়েছে
বীরগঞ্জ-কাহারোলে ২৭৫ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা
মহা ধুমধামে হবে শারদীয় দুর্গাপূজা, বীরগঞ্জ-কাহারোলে ২৭৫ মণ্ডপ প্রস্তুত
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে এবার ২৭৫টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে প্রতিমা নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে।
তথ্য অনুযায়ী, বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬৩টি এবং কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ১১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পাশাপাশি পূজার আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীরা।
পূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু প্রতিটি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দিনাজপুর-১ আসনের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবু মহেশ রায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র দেবশর্মা জানান, এবার আগেভাগেই প্রতিটি মণ্ডপে প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজা উদযাপনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি এগিয়ে চলছে। আয়োজকদের প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

























