যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে উদ্যোগ, হৃদরোগীদের চিকিৎসায় দ্রুত পূর্ণাঙ্গ সিসিইউ চালুর আশ্বাস।
যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে: প্রতিমন্ত্রী অমিত
- আপডেট সময় : ০৪:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২১ বার পড়া হয়েছে
যশোরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউসে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সভায় যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় হৃদরোগীদের জন্য যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর বিষয়ে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর ফলে গুরুতর হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে হবে না এবং স্থানীয়ভাবেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, যশোরের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো ও সেবার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাজিবুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

























