কুষ্টিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছাসেবকদের সম্মাননা
- আপডেট সময় : ০২:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৫৪০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিজ আহমেদ খান টিটু।
অনুষ্ঠানে সংগঠনের নিবেদিতপ্রাণ ও সক্রিয় স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর আশরাফুল হক বাবুল স্বেচ্ছাসেবকদের হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেন।
দিনব্যাপী আয়োজনে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহিত করা হয়।
কর্মসূচিতে সার্বিক স্পন্সর হিসেবে সহযোগিতা করে জাপান বাংলা ইন্টারন্যাশনাল একাডেমি, আনজুমস কিচেন, লালন ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ও স্টাডি হাব। মেডিকেল সহায়তায় ছিল রাজশাহী প্রাইম কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।
আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এ মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

















