দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা
দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাংবিরোধী প্রচারণা
- আপডেট সময় : ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২১ বার পড়া হয়েছে
কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার দেবীদ্বারে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম আমার দায়িত্ব’।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেবীদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, যুবসমাজ ও অভিভাবকদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রচারণায় কিশোর গ্যাং ও মাদকের ক্ষতিকর দিক, প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা এবং আইনগত বিষয় তুলে ধরা হয়।
কর্মসূচিতে সংগঠনের পক্ষে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন সাংবাদিক এ আর আহমেদ।
তিনি বলেন, “কিশোরদের সঠিক পথে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না। অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। সন্তান কোথায় যায় এবং কার সঙ্গে মেলামেশা করে—এসব বিষয়ে পরিবারকে খেয়াল রাখতে হবে।”
প্রচারণা থেকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানানো হয়।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, পুলিশের অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো গেলে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।



























