দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৩৭৮০ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি মামলায় ৯ জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফুটপাত অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলা করা হয়।
এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন জীবন শাহা ৫ হাজার টাকা, সঞ্জয় শাহা ৫ হাজার টাকা এবং সঞ্জয় কুমার ১ হাজার টাকা।
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ছয়টি মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন আবুল কালাম ৫ হাজার টাকা, ফারুক ১ হাজার টাকা, রাখাল শাহা ৫ হাজার টাকা, ফারুক ৩ হাজার টাকা, জমির হোসেন ৫ হাজার টাকা এবং জামাল হোসেন ৫ হাজার টাকা।
সব মিলিয়ে অভিযানে ৯টি মামলায় ৯ জনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।























